আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) এক বার্তায় বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজিবি জানিয়েছে, সম্ভাব্য উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, নির্বাচন কমিশনে প্রবেশের আগে কয়েক ধাপে নিরাপত্তা তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। পিকেএসএফের দিকের সড়কসহ আশপাশের সব সংযোগ সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ইসি ভবনের মূল গেটে তিন স্তরের নিরাপত্তাবলয় স্থাপন করা হয়েছে।
এ ছাড়া প্রধান ভবনের সামনেই ব্যারিকেড দিয়ে চলাচল সীমিত রাখা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। ইসি ভবনে প্রবেশ করতে ইচ্ছুক প্রত্যেকের কাছেই প্রবেশের কারণ জানতে চাওয়া হচ্ছে। প্রাথমিক যাচাই শেষে ভেতরে প্রবেশের অনুমতি মিললেও অস্থায়ী অপেক্ষমাণ বুথ থেকে অডিটোরিয়ামে যেতে আরও দুই ধাপের নিরাপত্তাবলয় অতিক্রম করতে হচ্ছে।
সাব্বির আহমেদ নামের এক পুলিশ কর্মকর্তা জানান, গতকালের ঘটনার পর নির্বাচন কমিশনের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বহুতল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কমিশনের স্বাভাবিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এ ব্যবস্থা আপাতত কার্যকর থাকবে।
এদিকে রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটের ভাঁজে ধানের শীষসহ তিন ইস্যুর প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘নির্বাচনের ব্যালটের ভাঁজে ধানের শীষ রাখা হয়েছে। এটা একটা ষড়যন্ত্র। রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত। এটা কীসের ভিত্তিতে করা হলো আমরা এর জবাব চাই। দাবি না মানা হলে এই কর্মসূচি রাতদিন সমানভাবে চলবে।’


