ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এলপিজি আমদানির অনুমতি পেল বিপিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৬:৩২ এএম
ছবি : সংগৃহীত

দেশে চলমান সংকট ও মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সরকারিভাবে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি করার অনুমতি পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। জিটুজি ভিত্তিতে নীতিগতভাবে এ অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বিপিসিকে এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করতে বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসানকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক চিঠি পাঠানো হচ্ছে। সরকার থেকে সরকার পর্যায়ে এলপিজি আমদানি করলে বাজারে সরবরাহ বাড়বে এবং ভারসাম্য স্থাপন হবে।

তিনি আরও জানান, আপাতত সরকার শুধু এলপিজি আমদানির পর্যায়ে যুক্ত থাকবে। সংরক্ষণ, বোতলজাতকরণ ও বিতরণ কার্যক্রমে সরাসরি অংশগ্রহণের কোনো পরিকল্পনা নেই। এসব কাজ বেসরকারি অপারেটরদের মাধ্যমে পরিচালিত হবে।

গত ১০ জানুয়ারি বিপিসি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবকে চিঠি দিয়ে সরকারি হস্তক্ষেপে এলপিজি আমদানি করার অনুমতি চেয়েছিল। 

চিঠিতে বলা হয়, দেশের এলপিজি বাজার সম্পূর্ণ বেসরকারি খাতনির্ভর হওয়ায় সংকটকালে সরবরাহ ঘাটতি বা কৃত্রিম সংকট মোকাবিলার জন্য সরকারের হাতে কার্যকর কোনো হাতিয়ার নেই। এ আবেদনের পরিপ্রেক্ষিতে বিপিসিকে অনুমোদন দেওয়া হলো।