অর্থ মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনে কোথাও লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই। আমরা কোনো প্রার্থীর সঙ্গে কথা বলছি না, আমরা জনগণের সঙ্গে কথা বলছি। তারা যেন সমান সুযোগ পায়, সেটাই আমরা প্রমাণ করব। প্রশাসন মোটেও কোনো পক্ষপাতিত্ব করবে না।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাওয়ের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। ২২ জানুয়ারি প্রচার-প্রচারণা শুরু হবে। এরপর যদি কেউ সভা-সমাবেশ করে, সেটি নির্বাচন কমিশনের আওতায় থাকবে।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে আরও ভালো জায়গায় দ্রুত নিয়ে যেতে হবে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি যাকে ভোট দিয়েছেন তিনি হোক বা অন্য কেউ হোক, আপনার সমান অধিকার তাকে দিতে হবে। মানুষ হবে অডিটরের মতো। অডিটর যেমন নিরীক্ষা করে টাকা-পয়সার হিসাব চায়, আপনারাও টাকা-পয়সা ও কাজকর্মের হিসাব চাইবেন। এতে আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে।’
এটি ১২ ফেব্রুয়ারির নির্বাচনের সবচেয়ে বড় সাফল্য হবে বলে জানান তিনি।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) আব্দুর রহমান খান, জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক, সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর রাহাত খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসীম উদ্দীন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ প্রমূখ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন