× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৪:৪০ পিএম

সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৪:৪০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোর সুপারিশ চূড়ান্ত করেছে বেতন কমিশন। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন সর্বনিম্ন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হচ্ছে। এই কাঠামোয় মোট ২০টি বেতন ধাপ বহাল থাকছে।

সূত্র জানায়, সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত ২১ সদস্যের বেতন কমিশন আজ বুধবার বিকেল পাঁচটায় প্রধান উপদেষ্টার কাছে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন হস্তান্তর করা হবে। পরবর্তীতে সরকার এই সুপারিশ পর্যালোচনা করে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের চূড়ান্ত বেতন ও ভাতা নির্ধারণ করবে।

১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ

নতুন বেতনকাঠামোয় সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন বৃদ্ধির হার ধাপভেদে ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪৭ শতাংশ পর্যন্ত হতে পারে বলে জানা গেছে। এর ফলে বর্তমানে ২০তম ধাপে থাকা কর্মচারীদের বেতন বাড়িয়ে ২০ হাজার টাকা এবং প্রথম ধাপে থাকা কর্মকর্তাদের বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

জনমত, মূল্যস্ফীতি ও জীবনমান বিবেচনায় সুপারিশ

বেতন কমিশন জানিয়েছে, প্রতিবেদন তৈরির আগে অনলাইনে পরিচালিত জরিপে প্রায় ২ লাখ ৩৬ হাজার সরকারি কর্মকর্তা–কর্মচারী অংশগ্রহণ করেন। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, সামাজিক মর্যাদা ও জীবনমান—এই সব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করেই নতুন বেতন কাঠামোর সুপারিশ করা হয়েছে।

বাস্তবায়নের সময়সূচি

সুপারিশ অনুযায়ী, নতুন বেতনকাঠামো আংশিকভাবে কার্যকর হবে চলতি বছরের ১ জানুয়ারি ২০২৬ থেকে। আর পূর্ণাঙ্গভাবে এটি বাস্তবায়ন করা হবে ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে।

বৈশাখী ও যাতায়াত ভাতায় বড় পরিবর্তন

নতুন কাঠামোয় সরকারি কর্মচারীদের বৈশাখী ভাতা বর্তমান ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে যাতায়াত ভাতার পরিসরও বাড়ানো হচ্ছে। এত দিন ১১তম থেকে ২০তম ধাপের কর্মচারীরা যাতায়াত ভাতা পেলেও নতুন প্রস্তাবে ১০ম ধাপ থেকে ২০তম ধাপ পর্যন্ত এই ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে।

পেনশনভোগীদের জন্য উল্লেখযোগ্য সুবিধা

  • নতুন বেতন কমিশনের প্রতিবেদনে পেনশনভোগীদের জন্যও বড় সুখবর রয়েছে।
  • যাঁরা মাসে ২০ হাজার টাকার কম পেনশন পান, তাঁদের পেনশন প্রায় ১০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
  • যাঁদের পেনশন ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা, তাঁদের ক্ষেত্রে বাড়বে ৭৫ শতাংশ।
  • আর মাসে ৪০ হাজার টাকার বেশি পেনশনপ্রাপ্তদের পেনশন বাড়বে ৫৫ শতাংশ।

চিকিৎসা ভাতা বাড়ানোর প্রস্তাব

৭৫ বছরের বেশি বয়সী পেনশনধারীদের জন্য চিকিৎসা ভাতা বাড়িয়ে মাসিক ১০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। বর্তমানে বয়সভেদে চিকিৎসা ভাতা ৮ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়। এছাড়া ৫৫ বছরের কম বয়সী পেনশনভোগীদের জন্য ৫ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে।

বাড়িভাড়ায় ধাপভেদে পার্থক্য

বেতন কমিশনের প্রস্তাব অনুযায়ী, প্রথম থেকে দশম ধাপের কর্মকর্তা–কর্মচারীদের জন্য বাড়িভাড়া তুলনামূলক কম হারে নির্ধারণ করা হবে। অন্যদিকে ১১তম থেকে ২০তম ধাপে বাড়িভাড়ার হার তুলনামূলক বেশি রাখা হবে।

সামরিক ও বিচার বিভাগের জন্য আলাদা কমিশন

সরকারি কর্মচারীদের বেতন কমিশনের প্রতিবেদন দাখিলের পর সামরিক বাহিনী ও বিচার বিভাগের জন্য পৃথক বেতন কমিশন গঠনের কাজ চূড়ান্ত করা হবে বলেও জানা গেছে।

Link copied!