ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় জিডি করলেন ওমর বিন হাদি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ১০:৩৬ পিএম
ছবি- সংগৃহীত

নিজের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওমর বিন হাদি। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির সহোদর বড় ভাই। শনিবার (২৪ জানুয়ারি) রাতে শাহবাগ থানায় তিনি এ জিডি দায়ের করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিরাপত্তাজনিত আশঙ্কার কথা উল্লেখ করে ওমর বিন হাদি থানায় জিডি করেছেন। তবে এতে কোনো নির্দিষ্ট হুমকি, ঘটনা বা ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। তিনি বলেন, বিষয়টি যাচাই করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জিডির আগে শনিবার সন্ধ্যায় ওমর বিন হাদি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শহীদ ওসমান হাদি ও তার মায়ের একটি ছবি শেয়ার করেন। পোস্টে তিনি আবেগঘন ভাষায় লেখেন, ‘আমি ওসমান হাদির ভাই প্রমাণ করার জন্য একটি ছবি পাইছি। ভাই তোমরা হাদির যা ছিলো সব নিয়ে নেও, এমনকি তার বউকে নিয়ে নাও, শুধু আমার সন্তানটা আমাকে দিয়ে দেও, প্লিজ, তাকে নিয়ে আমি ইউকে চলে যাবো নিরাপদ বসবাসের জন্য।’ এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ওই পোস্টে মন্তব্য করেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। তিনি লেখেন, যুক্তরাজ্যে যাওয়ার সিদ্ধান্ত ভালো হলেও সন্তানের বিষয়টি নিয়ে টানাটানি অনাকাঙ্ক্ষিত। তিনি আরও উল্লেখ করেন, সন্তানের জন্য তিনি সরকারি চাকরির প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন। বিতর্ক বাড়তে থাকলে পরে ওমর বিন হাদি তার ফেসবুক পোস্টটি মুছে দেন।

এরপর রাবেয়া ইসলাম সম্পা পোস্টটির স্ক্রিনশট নিজের ফেসবুক টাইমলাইনে প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, ওসমান হাদির স্ত্রী কোনো পণ্য নন যে ইচ্ছামতো কেউ তাকে নিয়ে যাবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ফিরনাসের বাবা একজনই—শহীদ ওসমান হাদি। তার এই বক্তব্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

উল্লেখ্য, চলতি বছরের ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকার ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। এর আগে তার নিরাপত্তা বিবেচনায় সরকার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিবহন পুল থেকে একটি গাড়ি ও একজন গানম্যান বরাদ্দ দিয়েছিল।

শরীফ ওসমান হাদি জুলাই অভ্যুত্থানসহ পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগকালে তিনি হামলার শিকার হন। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষ পর্যন্ত তার জীবন রক্ষা করা সম্ভব হয়নি।