ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি, প্রতিক্রিয়া মিশ্র

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৪:৩৭ এএম
জনপ্রশাসন মন্ত্রণালয় লোগো

প্রশাসনে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে ১১৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তা সবাই বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির তথ্য জানানো হয়।

তবে এ পদোন্নতিকে কেন্দ্র করে প্রশাসনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় থাকা অনেক যোগ্য ও দক্ষ কর্মকর্তা এবারও তালিকার বাইরে থেকে গেছেন। বিশেষ করে ২০তম ব্যাচের একাধিক কর্মকর্তা, যাঁরা দীর্ঘ সময় ধরে পদোন্নতিবঞ্চিত ছিলেন, তাদের নাম তালিকায় না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন কেউ কেউ।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠতা, চাকরির মেয়াদ ও অন্যান্য বিষয় বিবেচনায় নেওয়া হলেও তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়া নিয়ে প্রশাসনের ভেতরে আলোচনা ও সমালোচনা রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল যদি ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকে, তাহলে তাকে বর্তমানে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে।

এ ছাড়া প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, পদোন্নতি পাওয়া কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে কোনো বিরূপ বা ভিন্ন তথ্য পাওয়া গেলে, কর্তৃপক্ষ প্রয়োজনে এ আদেশ সংশোধন বা বাতিল করতে পারবে।