ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচন নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই : পরিবেশ উপদেষ্টা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৪:২৭ পিএম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি- সংগৃহীত

নির্বাচন একটি দেশের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। অন্য দেশ বিশ্লেষণ করতে পারে, কিন্তু মতামত দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, নির্বাচনের পরিবেশ উত্তেজনাপূর্ণই হবে। এক দল আরেক দলকে হারানোর চেষ্টা করবে, জেতার চেষ্টা করবে। যে দল জেতার চেষ্টা করবে, সে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কথা বলবে—এটি খুব স্বাভাবিক কথা। 

তিনি বলেন, কোনো কোনো জায়গায় হয়তো ভব্যতা-সভ্যতা সীমা রাখা হচ্ছে না। এজন্য সব দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। যদি আইনশৃঙ্খলার বিষয় থাকে সেটি সরকারের দায়িত্ব। কিন্তু কে কার জনসভায় কী বলল, সেটি সরকারের দায়িত্ব না।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করেনি, এটি ঠিক কথা না। যে দিন তপশিল ঘোষণা করা হলো সে দিনই বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করা হলো। এর ভুক্তভোগী উপদেষ্টারাও কয়েকজন আছেন। যদি ভোটের পরিবেশ নষ্ট করার জন্য যদি পতিত স্বৈরাচারের কোনো শক্তি কোনোরকম চেষ্টা করে, সেটি প্রতিহত করতে সরকার প্রস্তুত আছে, প্রয়োজনে প্রস্তুতি আরও বাড়ানো হবে।

তিনি বলেন, নানা প্রচারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ভিত্তিহীন বক্তব্য দিয়ে একটি ভয়ের আবহ তৈরির চেষ্টা হচ্ছে। এজন্যই বলা হচ্ছে, পতিত স্বৈরাচার যদি নির্বাচনকে বিঘ্নিত করতে কোনোকিছু করার চেষ্টা করে সরকার সেটিকে প্রতিহত করবে।

রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা যেসব জেলায় গিয়েছি, সব জায়গায় নির্বাচনি আমেজ শুরু হয়েছে। কোনো মানুষ বলেনি, ভোট দিতে যেতে ভয় লাগছে। কেউ যদি ভোট দিতে যেতে ভয়ের কথা বলে থাকে, তার ভয় দূর করার দায়িত্ব সরকারের।’