ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সারা দেশের ভোটকেন্দ্রের সংখ্যা জানাল ইসি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৫:২৫ পিএম
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি - সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারা দেশে  ৪২ হাজার ৭৬৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান তিনি।

আখতার আহমেদ বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে, প্রিজাইডিং অফিসার ৪২ হাজার ৭৭৯ জন। সহকারী প্রিজাইডিং অফিসার ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন। পোলিং অফিসার ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন। সব মিলিয়ে মোট ভোটগ্রহণকারী কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জনে।

তিনি বলেন, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। এই হিসাব অনুযায়ী, মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।

উল্লেখ্য, তপশিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।