জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’—কোনো পক্ষেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবেন না।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোট সামনে রেখে অন্তর্বর্তী সরকারের নির্দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীর একটি অংশ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় যুক্ত হন বলে অভিযোগ ওঠে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’—যে কোনো পক্ষের প্রচারণায় অংশ নেওয়া দণ্ডনীয় অপরাধ।
এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গণভোট-সংক্রান্ত একটি বিশেষ নির্দেশনা জারি করে নির্বাচন কমিশন সচিবালয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গণভোটে নিরপেক্ষ থাকার নির্দেশ দেওয়া হয় এবং কোনো ধরনের প্রচার-প্রচারণায় অংশ না নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।
নির্বাচন কমিশনের এই নির্দেশনা বাস্তবায়নে সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা কার্যকর করতে সব মন্ত্রণালয় ও বিভাগকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) গণভোটের প্রচারণা বিষয়ে গণমাধ্যমকে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়ন করা হবে। গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের প্রচার বিষয়ে নির্বাচন কমিশনের যে নির্দেশনা রয়েছে, তা সব পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জানিয়ে দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে অনেকেই জেনেছেন। এখন অফিসিয়ালি জানানো হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে।’
এদিকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক বলেন, ‘নির্বাচন কমিশনের স্পষ্ট বিধিনিষেধ না থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। কিন্তু এখন নির্বাচন কমিশন বিধিনিষেধ আরোপ করায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আর ‘হ্যাঁ’ বা ‘না’—কোনো পক্ষের প্রচারণায় অংশ নেবেন না।’
তিনি আরও জানান, নির্বাচন কমিশনের নির্দেশনার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষতা নিশ্চিত করা হবে এবং গণভোট সংক্রান্ত সব ধরনের রাজনৈতিক প্রচার-প্রচারণা থেকে তারা সম্পূর্ণভাবে বিরত থাকবেন।



