ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা ২৭৪টি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৮:২৩ পিএম
প্রেস উইং। ছবি : সংগৃহীত

গত ৫৩ দিনে সারা দেশে ২৭৪টি নির্বাচনকেন্দ্রিক সহিংসতার ঘটনা ঘটেছে। গত ১২ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি রাত ৯টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

সোমবার (২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বিবৃতিতে প্রেস উইং জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত পরিসংখ্যান অনুযায়ী, ভীতি প্রদর্শন বা আক্রমণাত্মক আচরণের ঘটনা ১৬টি, প্রার্থীর ওপর হামলা ১৫টি এবং হত্যাকাণ্ডের ঘটনা ৫টি। প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ৮৯টি। এ ছাড়া অবৈধ অস্ত্রের ব্যবহার ৩টি, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন ৯টি, প্রচারকার্যে বাধা ২৯টি, নির্বাচন-সংশ্লিষ্ট অফিস বা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ২০টি, অবরোধ ও বিক্ষোভ ১৭টি এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ১টি। অন্যান্য ধরনের সহিংসতার ঘটনা রয়েছে ৭০টি।

এতে বলা হয়েছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে ২০১৩ সালের ২২ ডিসেম্বর থেকে ২০১৪ সালের ৪ জানুয়ারি পর্যন্ত ৫৩০টি সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় নিহত হন ১১৫ জন এবং আহত হন ৩১৫ জন।

বিবৃতিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০১৮ সালের ১০ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ২ জানুয়ারি পর্যন্ত ৪১৪টি সহিংসতার ঘটনায় নিহত হন ২২ জন এবং আহত হন ৭৮০ জন। এ ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০২৩ সালের ২১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত ৫৩৪টি সহিংসতার ঘটনায় নিহত হন ৬ জন এবং আহত হন ৪৬০ জন।