ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে আনসার-ভিডিপির প্রস্তুতি সভা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৮:৫১ পিএম
ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-কে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) সারা দেশে নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বরিশাল জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের কনফারেন্স রুমে মতবিনিময় সভা এবং সিলেট বিভাগে নির্বাচনি প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’

এ ছাড়াও বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার, জেলা কমান্ড্যান্ট এবং উপজেলা কর্মকর্তাদের আইনশৃঙ্খলা রক্ষা, দায়িত্ব বণ্টন এবং পারস্পরিক সমন্বয় জোরদারে শতভাগ নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এদিকে, সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত নির্বাচনি প্রস্তুতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ।

তিনি জানান, এবারের নির্বাচনে প্রথমবার প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার জন্য একজন অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে ঝুঁকি অনুযায়ী নির্ধারিত সংখ্যক অস্ত্রধারী সদস্য দায়িত্ব পালন করবেন। ‘সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তাৎক্ষণিকভাবে রিপোর্ট ও দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করা হবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারা দেশে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে জনবল নিয়োগ, প্রশিক্ষণ, ইউনিফর্ম ও ভাতা প্রদানসহ আধুনিক প্রযুক্তি ভিত্তিক ব্যবস্থাপনা সম্পন্ন করেছে। এই সমন্বিত প্রস্তুতি ও নীতিনির্ধারিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জনগণের আস্থা আরও দৃঢ় হবে।

বাহিনী নেতৃত্বের দৃঢ় প্রত্যয়, ভবিষ্যতেও নির্বাচনসহ জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আনসার-ভিডিপি দক্ষ, নির্ভরযোগ্য ও প্রযুক্তিসম্পন্ন শক্তি হিসেবে কার্যকর ভূমিকা রাখবে।