ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিমানের নতুন এমডি হুমায়রা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৮:৪০ পিএম
ড. হুমায়রা সুলতানা। ছবি - সংগৃহীত

বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। তার স্থলে সংস্থাটির বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

অফিস আদেশে বলা হয়েছে, ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হয়ে কারাবন্দী থাকায় ড. সাফিকুর রহমানের সঙ্গে সরকারের করা চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

এতে বলা হয়েছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একই তারিখের একটি প্রজ্ঞাপনের আলোকে ড. সাফিকুর রহমানের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ফলে তিনি আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন না।

অফিস আদেশে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দক্ষ ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার স্বার্থে পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত নতুন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ড. হুমায়রা সুলতানাকে। তিনি বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিভিল এভিয়েশন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

এতে বলা হয়েছে, বাংলাদেশ বিমান (রহিত Bangladesh Biman Order, 1972 পুনর্বহাল এবং সংশোধন) আইন, ২০২৩-এর ৩০(গ) ধারা অনুযায়ী ড. হুমায়রা সুলতানাকে নির্দেশক্রমে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইওর দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এই আদেশ জারি করা হয়েছে। আদেশে স্বাক্ষর করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।

নিয়োগ সংক্রান্ত এই অফিস আদেশের অনুলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দপ্তর ও ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক বিভাগকেও বিষয়টি অবহিত করা হয়েছে।