গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট বিভাগের জারিকৃত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নির্মাণাধীন ভবনের পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা থেকে বিরত থাকার নির্দেশটি স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের রায়ের ফলে রাজউক অনুমোদিত এলাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণাধীন স্থাপনাগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা এবং বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আর আইনি বাধা রইল না।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ এপ্রিল বাংলাদেশ সরকার কর্তৃক এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়, রাজউক কর্তৃক নিয়ন্ত্রিত এলাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে অবৈধ ভবন নির্মাণের ক্ষেত্রে নির্মাণাধীন ভবনের পানি, বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
পরে গত বছরের ৭ ডিসেম্বর আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব কর্তৃক রিট পিটিশন নং ২১১৭১/২০২৫ দায়ের করা হলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ গত বছর ১৭ ডিসেম্বর একটি রুল জারি করেন এবং একইসঙ্গে একটি অন্তর্বর্তী নিষেধাজ্ঞার আদেশ প্রদানের মাধ্যমে রাজউকসহ সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাজউক নিয়ন্ত্রিত এলাকার নির্মাণাধীন ভবনের পানি, বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করেন।
এই অবস্থায় হাইকোর্ট বিভাগের আদেশকে চ্যালেঞ্জ করে রাজউক কর্তৃক সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ৪১৮/২০২৬ দায়ের করা হয়। যার পরিপ্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত আজ বুধবার আদেশের মাধ্যমে হাইকোর্ট বিভাগের আদেশটি স্থগিত করেন।
রাজউকের পক্ষে মামলাটি পরিচালনা করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর সাদাত। ফলে রাজউক কর্তৃক নিয়ন্ত্রিত এলাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণের ক্ষেত্রে নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে পানি, গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ক্ষেত্রে রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর কোনো আইনি বাধা রইল না।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন