× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৮:৪০ পিএম

‘সোশ্যাল মিডিয়ায় নির্বাচন নিয়ে পোস্ট-মন্তব্য করতে পারবেন না পুলিশ সদস্যরা’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৮:৪০ পিএম

সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ। ছবি- সংগৃহীত

সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ। ছবি- সংগৃহীত

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ বলেছেন, পুলিশ সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনোভাবেই নির্বাচন-সংক্রান্ত ছবি, পোস্ট, মন্তব্য বা তথ্য শেয়ার করতে পারবেন না। তিনি নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশদের এই বিষয়টি বিশেষভাবে মেনে চলার নির্দেশনা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে এক ব্রিফিংয়ের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এই ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।

সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ ব্রিফিংয়ে বলেন, ‘পুলিশের প্রতি আমাদের প্রত্যাশা হলো, তারা নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবে। নির্বাচনী সময়ে কোনো পুলিশ সদস্য যেন সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক মন্তব্য বা তথ্য শেয়ার করে না, সেজন্য আমরা এই নির্দেশনা জারি করেছি। পুলিশকে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা এবং সংযম প্রদর্শন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনি এলাকায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা ইতিমধ্যেই বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে নির্বাচনী বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। এই প্রশিক্ষণে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি নির্বাচনের সময় স্থানীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রয়োজন অনুযায়ী গুরুত্বপূর্ণ ব্রিফিং দেবেন, যাতে আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা যায়।’

সিআইডি প্রধান পুলিশ সদস্যদের সতর্ক করে বলেন, ‘নির্বাচনকালীন সময়ে নিজের খাবারসহ ব্যক্তিগত প্রয়োজনের দায়িত্ব নিজেকেই নিতে হবে। কোনো প্রকার খাবার বা সহযোগিতা কোনো ব্যক্তি বা সংস্থা থেকে গ্রহণ করা যাবে না। এতে যেন কোনোভাবে পুলিশ সদস্যদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ না হয়, সেই দিকে বিশেষ মনোযোগ রাখতে হবে।’

এছাড়া তিনি পুলিশ সদস্যদের স্মার্ট আউটলুক বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ‘পুলিশের পোশাক সবসময় মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে পরিধান করতে হবে। দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ ধৈর্য, সংযম ও পেশাদারিত্ব প্রদর্শন করতে হবে।’

সিআইডি প্রধান আরও বিস্তারিত নির্দেশনা দেন। তিনি বলেন, ‘দায়িত্বে থাকা কোনো পুলিশ সদস্য নির্বাচনের সময় ছবি, পোস্ট বা মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে পারবেন না। এছাড়া কোনো প্রার্থী বা রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ছবি তোলা, বা রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। এর মাধ্যমে আমাদের উদ্দেশ্য হলো পুলিশ সদস্যদের নিরপেক্ষতা সর্বোচ্চভাবে রক্ষা করা।’

ব্রিফিং শেষে সিআইডি প্রধান পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘আমি পূর্ণ আস্থা রাখি যে আপনারা সকলেই নিষ্ঠা, পেশাদারিত্ব এবং দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করবেন। আমরা একটি শান্তিপূর্ণ, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হব। এটি হবে আমাদের সকলের জন্য গর্বের বিষয়।’

উল্লেখযোগ্য, সিআইডির জেলা পর্যায়ের সকল ইউনিট অনলাইনের মাধ্যমে ব্রিফিংয়ে যুক্ত ছিলেন এবং মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা সরাসরি নির্দেশনা গ্রহণ করেন। এই উদ্যোগের মাধ্যমে সিআইডি নির্বাচনী সময় আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতি আরও দৃঢ় করেছে।

Link copied!