ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পোস্টাল ভোটের ফলাফল নিয়ে অপপ্রচার, কঠোর হুঁশিয়ারি ইসির

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৫:৪৪ এএম
নির্বাচন কমিশনের লোগো। ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিমূলক তথ্যের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, ভোট গণনার নির্ধারিত সময়ের আগে পোস্টাল ব্যালটের ফল জানার কোনো সুযোগ নেই।

নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টাল ভোটের ফলাফল নিয়ে বিভ্রান্তিকর ও ভ্রান্ত তথ্য ছড়ানো হচ্ছে। বাস্তবে পোস্টাল ব্যালট পেপার নির্বাচনের দিন বিকেল সাড়ে ৪টার পর নিয়মিত ভোট গণনার সময়ের সঙ্গে একযোগে গণনা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগে পোস্টাল ভোটের ফল জানার কোনো আইনগত কিংবা কারিগরি সুযোগ নেই। এ বিষয়ে যেকোনো ধরনের আগাম তথ্য বা প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।

জনসাধারণকে এ ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচারে কান না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

ইসি জানিয়েছে, যারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়াচ্ছে, তাদের শনাক্ত করতে সাইবার মনিটরিং টিম কাজ করছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ালে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সরকারি চাকরিজীবী যারা নির্বাচনের সময় কর্মস্থলে উপস্থিত থাকতে পারেন না এবং বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার বিধান রয়েছে। এসব ভোট মূল ভোট গণনার শেষ ধাপে যুক্ত করা হয়।