সরকারি চাকরিতে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে যমুনা অভিমুখী মিছিলে পুলিশের হামলায় ঘটনা ছয়জন সরকারি কর্মচারী আহত হয়েছেন। আহতরা হলেন- সরকারি কর্মচারী আব্দুল হান্নান (৪৫), জয় দাস (৩৫), আব্দুল আউয়াল (৪০), মো. তন্ময় (৩২), মো. জাকারিয়া (৬০) ও মো. সিকান্দার (৪০)।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় দুপুর পৌনে ১টার দিকে তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহতদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. কালাম হাওলাদার বলেন, পূর্বঘোষণা অনুযায়ী সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে একটি মিছিল কর্মসূচি ছিল। মিছিল শাহবাগ অতিক্রম করার আগ মুহূর্তে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।
তিনি আরও বলেন, পুলিশের ওই অভিযানে আমাদের ছয়জন সহকর্মী আহত হন। আহত অবস্থায় সবাই হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, দুপুরের দিকে ছয়জন আহতকে হাসপাতালে আনা হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


