জনশৃঙ্খলা রক্ষার জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকে প্রধান বিচারপতির সরকারি বাসভবনসহ কয়েকটি স্থানে সভা ও সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান ও মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ থাকবে।
এছাড়া, বিভিন্ন দাবি-দাওয়া বা প্রতিবাদ কর্মসূচির কারণে সড়ক বন্ধ হয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।


