ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে যাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ ইসি কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তারা রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোট দেবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টার মধ্যে রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ভোট দেবেন রাজধানীর উত্তরা আলোর ধারা স্কুল কেন্দ্রে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ভোট দেবেন ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুল কেন্দ্রে।
আরও জানা গেছে, নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ ভোটাধিকার প্রয়োগ করবেন আজিমপুরের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার রূপগঞ্জের দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। এ ছাড়া নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান করবেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটদান শেষে তারা নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নির্বাচন কমিশনে যোগ দেবেন। ইতোমধ্যে সারা দেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি।


