ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। নির্বাচনের দিন সাধারণ নিরাপত্তার পাশাপাশি রাজপথে নামানো হচ্ছে সোয়াট ও কে-নাইন ইউনিটের মতো পুলিশের বিশেষায়িত সব দল।
বুধবার (১১ ফেব্রুয়ারি) মিন্টো রোডে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, ঢাকায় ডিএমপির ২৬ হাজার ৫১৫ জন সদস্য নির্বাচনের বিভিন্ন দায়িত্বে মোতায়েন থাকবেন। ভোটকেন্দ্রের ভেতরের নিরাপত্তার পাশাপাশি বাইরে থাকবে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও রিজার্ভ ফোর্স। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মাঠে থাকবে বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট, কে-নাইন ইউনিট ও ক্রাইম সিন ভ্যান।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, নির্বাচন উপলক্ষে রাজধানীতে চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। তবে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন, নিশ্চিন্তে, নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে আপনারা মৌলিক অধিকার প্রয়োগ করতে পারবেন। পুলিশ আপনাদের পাশেই রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন