ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে, অবশ্যই গন্তব্যে পৌঁছাবে : সিইসি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:৪৪ এএম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত

দেশ গণতন্ত্রায়নের ট্রেনে উঠে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

সিইসি বলেন, আমরা জাতির কাছে ওয়াদা করেছিলাম একটি উৎসবমুখর পরিবেশের ভোট জাতিকে উপহার দেব। এই কয়দিনে ঈদের সময়ের মতো মানুষ ট্রেনে-বাসে-লঞ্চে করে উৎসবমুখর পরিবেশে গ্রামেগঞ্জে চলে গেছে ভোট দেওয়ার জন্য। গ্রামেগঞ্জে মানুষ উৎসবের আমেজে ভোট দিচ্ছে। অনেক দিন পর উৎসবমুখর পরিবেশে আনন্দের সঙ্গে ভোট দিতে পেরে তারাও উদ্বেলিত। আমি বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নিয়ে এখন পর্যন্ত যা জানতে পেরেছি, সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। দু-একটি জায়গায় ভোটকেন্দ্রের বাইরে কিছু গোলমাল হলেও তাৎক্ষণিকভাবে সেগুলোর সমাধান করা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে ২০১৪ সালে ‘একতরফা’, ২০১৮ সালে ‘রাতের ভোট’ এবং ২০২৪ সালের ‘আমি-ডামির নির্বাচন’ দেশের নির্বাচন ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করেছে। ভোটারদের একটি বড় অংশের অভিযোগ ছিল, তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।

ফলে ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের প্রায় দেড় বছর পর এই নির্বাচন ঘিরে ভোটারসহ দেশবাসীর উৎসাহের কমতি নেই। মুক্ত পরিবেশে নিজেদের মনমতো পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এই অধিকার প্রয়োগের অপেক্ষার অবসান ঘটাতে উন্মুখ প্রায় ১৩ কোটি ভোটার। 

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে আজ ভোট হবে ২৯৯টি আসনে। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়েছে। এই নির্বাচনে অংশ নিচ্ছে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া মোট ৫০টি রাজনৈতিক দল। মোট প্রার্থী ২ হাজার ২৮ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।

নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ইত্যাদি।

নিরাপত্তা নিশ্ছিদ্র করতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মাঠে রয়েছেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।