ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১১০ বছর বয়সেও ভোট দিলেন জমিরন নেসা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:০৭ এএম
জমিরন নেসা। ছবি : বাসস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সব বয়সের মানুষের মাঝে নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। ভোট দিয়ে এরই অংশ হয়েছেন ১১০ বছর বয়সের জমিরন নেসা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা-৯ আসনের খিলগাঁও মডেল কলেজ কেন্দ্রে ভোট দিতে দেখা যায় ১১০ বছর বয়সের জমিরন নেসাকে। বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও অদম্য তার ইচ্ছাশক্তি। তাই নিজের মেয়ে ও নাতির সঙ্গে সকাল সকাল ভোট দিতে আসেন তিনি।

জমিরন নেসা বলেন, ‘ভোট দিতে পেরে আমি খুশি। এই বয়সেরও আল্লাহ ভোটকেন্দ্র পর্যন্ত আনতে পেরেছেন, তাতে লাখ লাখ শোকর।’

ভোট দিতে কোনো সমস্যা হয়েছে কিনা—জানতে চাইলে তিনি আরও বলেন, এই বয়সে ঠিকমতো দাঁড়াইয়া থাকতে পারি না। তারপরও কোনো ঝামেলা ছাড়াই ভোটটা দিতে পারছি।

খিলগাঁও, সবুজবাগ ও মুগদা নিয়ে ঢাকা-৯ আসন গঠিত। নির্বাচন কমিশনের তথ্যমতে, এ আসনের মোট ভোটার সংখ্যা চার লাখ ৬৯ হাজার ৩৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৩৭ হাজার ৬৭৩ জন আর নারী ভোটারের সংখ্যা দুই লাখ ৩১ হাজার ৬৮২ জন।

আসনটিতে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মোহাম্মদ জাবেদ মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহ ইফতেখার আহসান, জাতীয় পার্টির কাজী আবুল খায়ের, গণফোরামের নাজমা আক্তার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো: মনিরুজ্জামান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) খন্দকার মিজানুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খান, বাংলাদেশ মুসলিম লীগের মাসুদ হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ মোহাম্মদ শফি উল্লাহ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশের নাহিদ হাসান চৌধুরী জুনায়েদ।