ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভোটকেন্দ্র পরিদর্শনে আনসার মহাপরিচালক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৩:২২ পিএম
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি : সংগৃহীত

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) টিঅ্যান্ডটি স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও মডেল কলেজ এবং খিলগাঁও মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে মহাপরিচালক কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা কার্যক্রম এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রস্তুতি ও তৎপরতা পর্যবেক্ষণ করেন। তিনি দায়িত্বে থাকা সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং ভোটারদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।

কেন্দ্রগুলোতে উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থাপনা নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারায় অনেকে ইতিবাচক মতামত ব্যক্ত করেন।

আনসার-ভিডিপি সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরের ভোটকেন্দ্রগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ২৭ হাজার ৭০৩ জন আনসার ও নগর প্রতিরক্ষা দল (টিভিপি) সদস্য স্ট্যাটিক ডিউটিতে নিয়োজিত রয়েছেন। এ ছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত বা জরুরি পরিস্থিতি মোকাবিলায় আনসার ব্যাটালিয়নের ৩৭টি স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

পরিদর্শনকালে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, উপমহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেলসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।