ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এবার নতুন চাকরিতে যোগ দিলেন আজাদ মজুমদারও

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০২:৫০ পিএম
সাবেক উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ছবি : সংগৃহীত

বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার নতুন চাকরিতে যোগ দিয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে আবুল কালাম আজাদ মজুমদার লিখেছেন, আমি একটি নতুন ইংরেজি সংবাদপত্র, দ্য ডেইলি ওয়াদা-এর নির্বাহী সম্পাদক হিসেবে যোগদান করেছি। আপনাদের দোয়া এবং আশীর্বাদ কামনা করছি।

এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঠিক একই রকম স্ট্যাটাস দেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি লিখেন, আমি একটি নতুন ইংরেজি সংবাদপত্র, দ্য ডেইলি ওয়াদা-এর সম্পাদক হিসেবে যোগদান করেছি। আপনাদের দোয়া এবং আশীর্বাদ কামনা করছি!!!

দেশে নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। এ ছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজও।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। পরে ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।