ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৮:৩৬ পিএম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি- সংগৃহীত

৪৪তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার পদে ৪,১৩৬ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের ৯ম থেকে ১১তম গ্রেডের কর্মকর্তা এই নিয়োগে অন্তর্ভুক্ত রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কমিশন এই নিয়োগসংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পিএসসি জানিয়েছে, প্রার্থীদের সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হলেও চূড়ান্ত নিয়োগ নিয়োগকারী কর্তৃপক্ষের যাচাই-বাছাই ও প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন হওয়ার পরে কার্যকর হবে।

নিয়োগের শর্তাবলি

নিম্নলিখিত ৯টি শর্তের ভিত্তিতে প্রার্থীদের সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে:

  • প্রার্থীর আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত সনদ, তথ্য ও অন্যান্য ডকুমেন্টসের সত্যতা যাচাই শেষে নিয়োগ প্রদান করা হবে।
  • যদি কোনো প্রার্থী আবেদনপত্রে মিথ্যা তথ্য দেয়, তথ্য গোপন করে, জাল সনদ জমা দেয় বা শিক্ষাগত যোগ্যতা পূরণ না করে আবেদন করে, তাহলে তার মনোনয়ন বাতিল হবে। প্রয়োজনে ফৌজদারি আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। চাকরিতে নিয়োগের পরেও এমন তথ্য প্রকাশিত হলে প্রার্থীকে বরখাস্ত করা হতে পারে।
  • মনোনিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
  • নিয়োগ ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’ এবং সরকারের সর্বশেষ কোটা নীতির ভিত্তিতে প্রদান করা হয়েছে।
  • নিয়োগের পূর্বে শিক্ষাগত যোগ্যতা, স্বাস্থ্য পরীক্ষা, উচ্চতা, ওজন, বুকের মাপ ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই করতে হবে।
  • প্রকাশিত মনোনয়নে কোনো ভুল-ত্রুটি থাকলে তা কমিশনের মাধ্যমে সংশোধন করা যাবে।
  • মনোনয়ন প্রার্থীর চাকরিতে নিয়োগের নিশ্চয়তা বা অধিকার প্রদান করে না।
  • নিয়োগসংক্রান্ত সকল বিধি-বিধান ও আনুষ্ঠানিকতা মেনে নিয়োগকারী কর্তৃপক্ষ প্রার্থীদের নিয়োগ দিতে পারবে।
  • নিয়োগের চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে www.bpsc.gov.bd এবং bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে।

প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • সকল প্রার্থীকে নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য যাচাইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।
  • যেকোনো ধরনের জালিয়াতি, তথ্য ফাঁস বা মিথ্যা তথ্য দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
  • মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা ধৈর্য্য ধরে নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিকতা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর চূড়ান্ত নিয়োগ পাবেন।