ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ভিনদেশিরা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১২:৪৪ পিএম
শহীদ মিনারে ভিনদেশিরা। ছবি : সংগৃহীত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের সাধারণ মানুষের পাশাপাশি ভিনদেশিরাও এসেছেন শহীদ মিনার প্রাঙ্গণে। বিভিন্ন দেশের নাগরিকরা ফুলেল শ্রদ্ধা নিবেদন করে স্মরণ করেছেন ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকেই শহীদ মিনার এলাকায় ছিল মানুষের ঢল। সাদা-কালো পোশাকে, হাতে ফুল নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সারিবদ্ধভাবে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলে বিদেশি নাগরিকরাও।

শহীদ মিনার প্রাঙ্গণে কথা হয় কানাডার নাগরিক জেসির সঙ্গে। তিনি বলেন, এটা দেখে খুবই ভালো লাগছে যে, সবাই এখানে তাদের ভাষা ও ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসছে। ভাষার জন্য জীবন দেওয়ার ঘটনা সাধারণত বিরল। আমরা এখানে আসতে পেরে গর্বিত বোধ করছি।

ইতালির নাগরিক জোসেফ বলেন, আমাদের এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। এটা সবার জন্যই একটি আনন্দঘন এবং আবেগময় মুহূর্ত। নানা দেশ থেকে আমরা আজ এখানে এসেছি। ভাষার প্রতি এমন আবেগ ও ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে।