অনুষ্ঠিত নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিনদের সম্মানি ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তবে এই ভাতার পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। ঈদের আগেই কয়েকটি এলাকায় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে সরকার পক্ষ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম উপস্থিত ছিলেন।
মাহদী আমিন বলেন, নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মগুরুকে সম্মানি ভাতা প্রদান। ক্ষমতায় এসে সেই ধারাবাহিকতায় সরকার ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এ কার্যক্রম শুরু করবে। পর্যায়ক্রমে এটি সারা দেশে চালু করা হবে।
ভাতার পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, আজ ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় কর্মদিবস। নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি বেশ কিছু দিকনির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, আজ তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অফিসে প্রবেশের আগে তিনি ব্রিফিং করেন এবং অনেক পুরোনো কর্মজীবীর সঙ্গে কথা বলেন। সংশ্লিষ্ট মন্ত্রীরাও নীতিনির্ধারণী কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন