ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

২৯৬ সংসদ সদস্যের তালিকা ইসিতে, কিন্তু কেন?

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৮:২৮ পিএম
নির্বাচন কমিশন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়। এই নির্বাচনের লক্ষ্যে ২৯৬ জন সংসদ সদস্যের নামের একটি তালিকা (ভোটার তালিকা) নির্বাচন কমিশনের (ইসি) কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে সংসদ সচিবালয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

ইসি কর্মকর্তারা জানান, আইন অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলের গেজেট প্রকাশের তিন কার্যদিবসের মধ্যে সংসদ সচিবালয় থেকে সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। সেই ধারাবাহিকতায় ২৯৬ জনের একটি তালিকা আজ কমিশনে এসে পৌঁছেছে। এখন এই তালিকার ভিত্তিতে পরবর্তী নির্বাচনি কার্যক্রম হাতে নেওয়া হবে।

নির্বাচন কমিশনার আবদুর রহমান মাছউদ জানিয়েছেন, কমিশন দ্রুততম সময়ের মধ্যে  সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করতে চায়। আমরা প্রাথমিক পরিকল্পনা করছি যাতে পবিত্র রমজান মাসের মধ্যেই সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ সম্পন্ন করা যায়।

ইসি সচিবালয় সূত্র জানায়, সংসদ সচিবালয় থেকে প্রাপ্ত তালিকাটি এখন যাচাই-বাছাই করা হবে। এরপর কমিশন সভা করে নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা করবে।