সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন অফিস সময়সংক্রান্ত নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার (৪ মার্চ) জারি করা পরিপত্র অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সকল কর্মকর্তা-কর্মচারীর নিজ নিজ অফিসে উপস্থিত থাকা বাধ্যতামূলক।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এই পরিপত্রে স্পষ্ট করা হয়েছে যে, এই সময়সীমায় অফিসে উপস্থিত থাকা নীতিগতভাবে বাধ্যতামূলক হলেও কিছু ক্ষেত্রে শিথিল করা যেতে পারে।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, কখনো কখনো কর্মকর্তারা অফিসে আসার পথে দাপ্তরিক বা ব্যক্তিগত নানা কাজে ব্যস্ত হয়ে পড়েন। উদাহরণস্বরূপ, কেউ সেমিনার, কর্মশালা বা সিম্পোজিয়ামে অতিথি বক্তা হিসেবে উপস্থিত হন, কেউ ব্যাংক, হাসপাতাল বা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়। এসব কারণে নির্ধারিত সময়মতো অফিসে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।
তথ্য অনুযায়ী, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অবশ্যই তাদের নিজ অফিস কক্ষে অবস্থান করতে হবে। একই সঙ্গে দাপ্তরিক অন্যান্য কার্যক্রম এমনভাবে সাজাতে হবে যাতে এই সময়ের উপস্থিতি বিঘ্নিত না হয়।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’ অনুযায়ী সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর জন্য নির্ধারিত সময়ে অফিসে আসা ও অবস্থান বাধ্যতামূলক।
যেসব ক্ষেত্রে নিয়ম শিথিলযোগ্য
তবে কিছু ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। যেমন:
- শিক্ষা বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও অনুষদ সদস্য যারা প্রশাসনিক দায়িত্বে নেই।
- হাসপাতাল, জেলখানা, সংবাদ মাধ্যম এবং নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যারা রোস্টার ডিউটি করেন।
- জরুরি গ্রাহক সেবায় সরাসরি নিয়োজিত কর্মকর্তা এবং মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।
এ ছাড়া ভিভিআইপি বা ভিআইপি প্রোটোকল প্রদান, আকস্মিক বড় দুর্ঘটনা মোকাবিলা, উন্নয়ন সহযোগী বা কূটনৈতিক মিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ সভা, এবং অনুমোদিত সরকারি সফরের ক্ষেত্রে কেবলমাত্র কর্তৃপক্ষের অনুমতি থাকলে অফিস ত্যাগ করা যাবে।
পরিপত্রে আরও বলা হয়েছে, অফিস চলাকালীন সময় দাপ্তরিক কাজ ছাড়া অফিস ত্যাগ করা যাবে না। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং সকল প্রতিষ্ঠানে যথাযথভাবে পালন নিশ্চিত করতে হবে।



