ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১৮ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু, পাচ্ছেন যতদিন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ১২:২২ পিএম
ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে এবার ঈদ উপলক্ষে মোট ৭ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি নির্ধারণ করা ছিল।

এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা ছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ মার্চও ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি রয়েছে। ফলে ঈদের আগে টানা চার দিন ছুটি থাকবে। ঈদের দিন এবং পরের দুই দিন মিলিয়ে এবার মোট সাত দিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।