দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার ২০২৬-এর জন্য মোট ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করেছে সরকার। এর মধ্যে ১৫ জন ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠান রয়েছে। তালিকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও মরণোত্তরভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের নাম চূড়ান্ত করা হয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠা, নারী শিক্ষা এবং দেশ গঠনে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এ বছর ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মিলিত অবদানের স্বীকৃতি হিসেবে মোট ২০টি পুরস্কার প্রদান করা হবে।
সরকার দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কারের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করে থাকে। মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা, সাহিত্য, সংস্কৃতি, পল্লী উন্নয়ন, সমাজসেবা, জনপ্রশাসন এবং গবেষণা-প্রশিক্ষণসহ নানা ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হবে।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ এবং প্রয়াত মেজর মোহাম্মদ আবদুল জলিলকে মনোনীত করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা পাচ্ছেন অধ্যাপক ড. জহুরুল করিম। চিকিৎসা বিজ্ঞানে অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার দেওয়া হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে।
সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য মনোনীত হয়েছেন প্রয়াত ড. আশরাফ সিদ্দিকী। সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা পাচ্ছেন এ কে এম হানিফ (হানিফ সংকেত) এবং প্রয়াত বশির আহমেদ। পল্লী উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মনোনীত হয়েছেন জোবেরা রহমান লিনু।
সমাজসেবা ও জনকল্যাণে অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন প্রয়াত ডা. জাফরুল্লাহ্ চৌধুরী, এস ও এস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, মো. সাইদুল হক, গণস্বাস্থ্য কেন্দ্র এবং রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রয়াত শিক্ষক মেহেরিন চৌধুরী।
জনপ্রশাসনে অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন কাজী ফজলুর রহমান।
এছাড়া গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে অবদানের জন্য মনোনীত হয়েছেন মোহাম্মদ আবদুল বাকী (পিএইচডি), অধ্যাপক ড. এম এ রহিম, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)।
পল্লী উন্নয়ন খাতে অবদানের জন্য সম্মানজনক এই পুরস্কার পাচ্ছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
প্রতিবছর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’ প্রদান করা হয়। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি দেওয়া হয়ে থাকে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন