ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘স্পিকার–ডেপুটি স্পিকার ছাড়াই শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৫:১৯ পিএম
চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ছবি : সংগৃহীত

স্পিকার ও ডেপুটি স্পিকার ছাড়াই আগামী বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এমন তথ্য জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিএনপি সংসদীয় দলের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, যেহেতু বর্তমানে সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার নেই, তাই তাদের আসন অল্প সময়ের জন্য খালি রেখেই অধিবেশনের কার্যক্রম শুরু করা হবে।

চিফ হুইপ জানান, অধিবেশন শুরুর পর সংসদ সদস্যদের নেতা সভাপতিত্ব করার জন্য একজন সিনিয়র সদস্যের নাম প্রস্তাব করবেন। অন্য একজন সদস্য সেই প্রস্তাব সমর্থন করলে মনোনীত ব্যক্তি সাময়িকভাবে অধিবেশনের সভাপতিত্ব করবেন। পরে সেই অধিবেশন চলাকালেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

তিনি আরও জানান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া, জুলাইয়ের গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী ব্যক্তিবর্গ এবং দেশ-বিদেশের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করা হবে। তাদের অবদান ও ত্যাগ নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

চিফ হুইপ বলেন, সংসদের প্রথম দিনেই কার্য উপদেষ্টা কমিটি, বিশেষাধিকার কমিটি এবং অন্যান্য সংসদীয় কমিটি গঠন করা হবে।

এ ছাড়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অধিবেশনে ভাষণ দেবেন। তার ভাষণ শেষ হওয়ার পরই আগামীকালের অধিবেশন শেষ করা হবে।

নুরুল ইসলাম মনি আরও জানান, আইনমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করবেন। এসব অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য সরকারি ও বিরোধী দলের সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, কমিটি সিদ্ধান্ত নেবে কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনগুলো বাতিল করবে। আগামী ১২ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় অধ্যাদেশগুলো পাস করার চেষ্টা করা হবে।

সংবিধান সংস্কার পরিষদের ভবিষ্যৎ প্রসঙ্গে চিফ হুইপ বলেন, জুলাইয়ের জাতীয় সনদে এ পরিষদের কথা থাকলেও এটি এখনো সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি। তাই এর সদস্যরা এখনো শপথ নেননি। সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।