ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে পররাষ্ট্রমন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৩:১৯ পিএম
মির্জা আব্বাস ও ড. খলিলুর রহমান। ছবি : সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী হাসপাতালে পৌঁছে মির্জা আব্বাসের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তার চিকিৎসার বিষয়ে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সান্ত্বনা দেন।

গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত দেশের বাইরে নেওয়ার প্রস্তুতি চলছে।

মির্জা আব্বাসের পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার ইফতারের সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হলে সেদিন গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।