নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মতিউর রহমান চৌধুরী। তিনি দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক। শনিবার (১৪ মার্চ) অনুষ্ঠিত সংগঠনটির এক সভায় ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়।
নির্বাচনে সব পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নোয়াব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এম. মাশরুর রিয়াজ আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করেন। নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন নিউএজ-এর সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান এএসএম শহীদুল্লাহ খান। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন দৈনিক সংবাদের প্রকাশক আলতামাশ কবির।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন এ কে আজাদ (দৈনিক সমকালের প্রকাশক), মতিউর রহমান (প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক), মাহফুজ আনাম (দ্য ডেইলি স্টারর সম্পাদক ও প্রকাশক), তাসমিমা হোসেন (ইত্তেফাকের সম্পাদক), এএমএম বাহাউদ্দীন (ইনকিলাবের সম্পাদক), দেওয়ান হানিফ মাহমুদ (বণিক বার্তার সম্পাদক), মোজাম্মেল হক (করতোয়ার সম্পাদক), এম এ মালেক (আজাদীর সম্পাদক), ডা. রমীজউদ্দিন চৌধুরী (পূর্বকোণের সম্পাদক) এবং নাসিম মনজুর, যিনি দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রকাশক।
নতুন কমিটি আগামী দুই বছর সংগঠনটির কার্যক্রম পরিচালনা করবে।


