ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আনন্দ-উচ্ছ্বাসে সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৮:৪০ এএম
ছবি : সংগৃহীত

এক মাস সিয়াম সাধনার পর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার (২১ মার্চ) সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এদিন সকাল থেকেই রাজধানীসহ সারা দেশের মসজিদ ও ঈদগাহগুলোতে ঢল নেমেছে ধর্মপ্রাণ মুসল্লিদের।

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মুসল্লিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করবেন। 

এছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই জামাতে শরিক হচ্ছেন।

জানা যায়, প্রধান এই জামাতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত রাখা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারীকে। 

সরেজমিন দেখা গেছে, সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মুসল্লিরা ঈদগাহ ময়দানে প্রবেশ করছেন। প্রেস ক্লাবের সামনে, মৎস্য ভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রান্ত দিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মুসল্লিদের প্রবেশ করতে দেখা গেছে। হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ঈদগাহ ময়দান।

ঈদের এই প্রধান জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন নানা বয়সী মানুষ। 

মুসল্লিরা বলেন, এক মাস রোজা রাখার পর ঈদের আনন্দের পূর্ণতা পায় এই জামাতের মধ্য দিয়ে। হাজার হাজার মানুষের সঙ্গে নামাজ আদায় করার অনুভূতিই অন্যরকম।

জাতীয় ঈদগাহের পাশাপাশি বায়তুল মোকাররম জাতীয় মসজিদেও পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে।