ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চোখের জলে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৮:৫২ এএম
ছবি : সংগৃহীত

সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত আদায়ের মধ্য দিয়ে দেশজুড়ে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয়। 

নামাজ শেষে মোনাজাতে নিজের গুনাহ খাতা থেকে মাফ চেয়ে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় আল্লাহর দরবারে আর্তি জানান হাজারো মুসল্লি।

পবিত্র ঈদুল ফিতরের নামাজের প্রধান এই জামাতে অংশ নিতে আজ শনিবার ভোর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা বায়তুল মোকাররমে জড়ো হতে থাকেন। সকাল ৭টায় প্রথম জামাত শুরু হওয়ার আগেই মসজিদের মূল ভবন ছাড়িয়ে বাইরের চত্বর ও সড়ক সংলগ্ন এলাকা মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সকাল ৭টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। দীর্ঘ ২৬ মিনিট ব্যাপী নামাজ ও খুতবা শেষে সকাল ৭টা ২৬ মিনিটে মোনাজাতের মাধ্যমে প্রথম জামাত সম্পন্ন হয়। 

নামাজ শেষে মোনাজাতে রমজানের রোজা ও অন্যান্য ইবাদত কবুল করার জন্য আল্লাহর কাছে আর্তি জানানো হয়। এ সময় মৃত আত্মীয়-স্বজনদের জন্য জান্নাত কামনা করে অনেক মুসল্লিকে অশ্রুসিক্ত নয়নে দোয়া করতে দেখা যায়।

প্রথম জামাত শেষ হওয়ার আগেই বাইরে বিপুল সংখ্যক মুসল্লি দ্বিতীয় জামাতের অপেক্ষায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন। প্রথম জামাতের মুসল্লিরা মসজিদ থেকে বের হওয়া মাত্রই দ্বিতীয় জামাতের জন্য অপেক্ষমাণরা ভেতরে প্রবেশ করেন। 

প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। সকাল ৭টার প্রথম জামাত ছাড়াও পরবর্তী জামাতগুলো যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং সর্বশেষ জামাতটি সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হচ্ছে।