পবিত্র ঈদুল ফিতর মানেই শেকড়ের টানে এক বিশাল জনস্রোত। যান্ত্রিক নগরীর কর্মব্যস্ততা ফেলে প্রতিটি মানুষ তখন মা-বাবা, আত্মীয়-স্বজন আর শৈশবের স্মৃতিঘেরা আঙিনায় ফিরে যেতে চায়। তবে ঈদের সময় সড়ক যেন বারবারই বিষাদের কারণ হয়ে ওঠে। ঈদের সাত দিনের (১৭–২৩ মার্চ) ছুটিতে সারা দেশে ২৬৮টি দুর্ঘটনায় অন্তত ২০৪ জন নিহত এবং ছয় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
মঙ্গলবার (২৪ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য জানান রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান।
তিনি বলেন, ঈদযাত্রা এখনো চলমান থাকায় এ সংখ্যা চূড়ান্ত নয়। ২৮ মার্চ পর্যন্ত পরিস্থিতি আরও পরিবর্তিত হতে পারে। প্রতিদিনই নতুন নতুন দুর্ঘটনা ঘটছে। ফলে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
সাইদুর রহমান বলেন, এবারের ঈদযাত্রায় দুর্ঘটনার প্রবণতা গতবারের তুলনায় ঊর্ধ্বমুখী। বিশেষ করে ট্রেন দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর তদারকির অভাব এবং শৃঙ্খলার ঘাটতি দুর্ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ। কার্যকর নজরদারি ও কঠোর আইন প্রয়োগ ছাড়া এ পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।
তিনি বলেন, জ্বালানি সংকটের কারণে মোটরসাইকেলের ব্যবহার কম না থাকলে দুর্ঘটনার সংখ্যা আরও বেশি হতে পারত।

