ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০১:৩১ পিএম
রাজশাহীর সারদায় ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি- রূপালী বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান ইউনিফর্ম নিয়ে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। তিনি জানান, বাহিনীর ঐতিহ্য ও পেশাগত মর্যাদার সঙ্গে সামঞ্জস্য রেখে আগের যেকোনো ঐতিহ্যমণ্ডিত পোশাক পুনর্বহালের বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। সংশ্লিষ্টদের মতামত ও বাস্তব প্রয়োজন বিবেচনায় নিয়ে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

‎স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়, পুলিশ হবে জনগণের বন্ধু। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত করে আধুনিক সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে জনগণের কাছে সেবা নিশ্চিত করাই এ সরকারের লক্ষ্য।

‎তিনি বলেন, গণতান্ত্রিক সংস্কারে রাষ্ট্র কাঠামোর যে সংস্কারের কথা বলা হয়েছে- তার মধ্যে অন্যতম পুলিশ সংস্কার কমিশন গঠন। ‎পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখতে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। অচিরেই এর সুফল সবাই পাবে।

‎৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এবার মোট ৭২ জন এএসপি তাদের প্রশিক্ষণ শেষ করে চাকরিতে যোগ দেবেন।