হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের ছয়টি জ্বালানিবাহী জাহাজকে প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে তেহরান, এমন তথ্য জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি।
বুধবার (০১ এপ্রিল) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেন, তেহরান বাংলাদেশের ছয়টি জ্বালানিবাহী জাহাজকে প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে। এসব জাহাজকে প্রণালি পার হওয়ার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুমতি চাওয়া হয়েছিল। ছয়টি জাহাজের বিষয়ে তেহরানকে জানানো হয়। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই জাহাজগুলোকে সহায়তার অনুমোদন দিয়েছে। জাহাজগুলোর বিস্তারিত তথ্য আগে পুঙ্খানুপুঙ্খভাবে না পাওয়ায় সেগুলো শনাক্ত করতে পারেনি তেহরান।
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের কাছে আমরা জাহাজগুলোর সঠিক তথ্য দিতে বলেছিলাম। সেগুলো গত সপ্তাহে পেয়েছি। প্রাপ্ত তথ্য অনুযায়ী কাজ চলছে। প্রণালি দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই। এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবে ইরান।
জলিল রহিমি জাহানাবাদি আরও জানান, ইরানে আটকে পড়া ১৮০ জন বাংলাদেশি এরই মধ্যে দেশে ফিরে এসেছেন। আরও যারা সেখানে আছেন, তারা যদি দেশে ফিরতে চান, তাহলে তাদের জন্য ইরান সব ধরনের সাহায্য করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন