ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০২:১৬ পিএম
নির্বাচন কমিশন। ছবি : সংগৃহীত

আগামী ৮ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এর এক মাস ৪ দিন পর ১২ মে (মঙ্গলবার) সংরক্ষিত মহিলা আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (৬ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ ১১তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে পৌনে তিন ঘণ্টা ধরে এ নিয়ে সভা অনুষ্ঠিত হয়।

আইন অনুযায়ী, ৫০টি সংরক্ষিত নারী আসন ৩০০ সাধারণ আসনের ভিত্তিতে ভাগ করা হয়। কোনো দল বা জোট কত আসন পেয়েছে তার অনুপাতে সংরক্ষিত নারী আসন নির্ধারণ হয়। এই হিসেবে বিএনপি পাবে ৩৬টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১২টি, স্বতন্ত্র প্রার্থীরা জোট করলে ২টি আসন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি আসন পাবে। তবে ছোট দলগুলো জোট না করলে কোনো আসন পাবে না।

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন-২০০৪ অনুযায়ী, গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। এই আইন অনুযায়ী মনোনয়ন, যাচাই-বাছাই, প্রত্যাহার ও ভোটের তারিখ নির্ধারণে কমিশনকে বিজ্ঞপ্তি দিতে হয়। এছাড়া গেজেট প্রকাশের ৩০ কার্যদিবসের মধ্যে দল ও জোটভিত্তিক সদস্যদের পৃথক তালিকা প্রস্তুত করতে হয়।