অস্ট্রেলিয়ার পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসছেন। চলতি সপ্তাহে অনুষ্ঠিতব্য এই সফরকে ঘিরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদারের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল প্রতিনিধিদলের সফর সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে অবহিত করেন।
সফরকালে অস্ট্রেলীয় প্রতিনিধিদল বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তারা জাতীয় সংসদ ভবন পরিদর্শন, ‘জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘর’ ঘুরে দেখা এবং সংসদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পাবেন।
বৈঠকে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কৃষি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রেও সহযোগিতার বিষয় উঠে আসে।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশের শ্রমশক্তির দক্ষতা উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার গঠনের পর এই সফর বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন গতি দেবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন