ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সংবাদপত্রে ১০ম মজুরি বোর্ডের প্রস্তুতি শিগগিরই

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৮:৩৮ পিএম
ছবি- সংগৃহীত

সংবাদপত্র শিল্পে ১০ম ওয়েজ বোর্ড গঠনের উদ্যোগ খুব শিগগির শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য দেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিরোধীদলীয় সদস্য শেখ মনজুরুল হক রাহাদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ বিষয়ে কথা বলেন।

মন্ত্রী জানান, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ৯ম সংবাদপত্র মজুরি বোর্ডের রোয়েদাদ গেজেট আকারে প্রকাশিত হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। এর পেছনে সাংবাদিক ও মালিকপক্ষের মধ্যে আয়কর সংক্রান্ত মতবিরোধ বড় কারণ হিসেবে কাজ করছে। এছাড়া বিষয়টি নিয়ে বর্তমানে ছয়টি রিট ও সিভিল পিটিশন বিচারাধীন রয়েছে।

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এর মধ্যে রয়েছে সাংবাদিক সুরক্ষা সহায়তা সেল গঠন, হামলা বা ডিজিটাল হয়রানির ঘটনায় আইনি ও প্রযুক্তিগত সহায়তা, নারী সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থা, ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ এবং জরুরি কল্যাণ সহায়তা প্রদান। জেলা পর্যায়েও সুরক্ষা কার্যক্রম জোরদার করার পরিকল্পনা রয়েছে।

একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন আধুনিকায়নের কাজ চলছে। এ লক্ষ্যে আইনটি সংশোধন করে কাউন্সিলকে আরও কার্যকর ও সময়োপযোগী প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, অসুস্থ, অসচ্ছল বা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের সহায়তা অব্যাহত রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের মার্চ পর্যন্ত ১ হাজার ১১০ জন সাংবাদিক ও তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি ৪০২ জন সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানকে প্রায় ৭৩ লাখ টাকার বেশি বৃত্তি দেওয়া হয়েছে। এছাড়া ২০২৬ সালের রমজানে ২ হাজার সাংবাদিক পরিবারের মধ্যে এক কোটিরও বেশি টাকার ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

টেলিভিশন খাত সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে দেশে চারটি সরকারি টিভি চ্যানেল চালু রয়েছে। বেসরকারি খাতে ৫৫টি চ্যানেল অনুমোদন পেলেও পূর্ণ সম্প্রচারে রয়েছে ৩৭টি। নতুন কোনো টিভি চ্যানেল অনুমোদনের আবেদন বর্তমানে অপেক্ষমাণ নেই।

এছাড়া সাংবাদিকতার মান উন্নয়ন ও ভুয়া পরিচয়ে কাজ করা প্রতিরোধে বাংলাদেশ প্রেস কাউন্সিল একটি অনলাইন ডেটাবেইস তৈরির পরিকল্পনা নিয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান মন্ত্রী।