× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ১১:০৭ এএম

আকস্মিক কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ১১:০৭ এএম

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে তিনি কোন কেন্দ্রে যাবেন, তা গোপন রাখা হয়েছে। সাধারণত আগে থেকেই পরিদর্শনের কেন্দ্র জানানো হলেও এবার তা প্রকাশ না করায় কৌতূহল তৈরি হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দিতে রাজি হননি। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, মন্ত্রী কোথায় যাবেন, সে বিষয়টি কেবল তিনিই জানেন।

রাজধানীর কোনো কেন্দ্র নাকি ঢাকার বাইরের কোনো জেলায় তিনি যাবেন এ নিয়েও স্পষ্ট কিছু জানানো হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এবং শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন।

এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালে এহছানুল হক মিলন নকলবিরোধী অভিযানে আলোচনায় আসেন। সে সময় তিনি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্দেশনায় হেলিকপ্টারে করে দেশের বিভিন্ন জেলায় গিয়ে আকস্মিকভাবে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতেন।

দ্বিতীয় মেয়াদে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘হেলিকপ্টার মিলন’ নামে পরিচিতি পান। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আবারও হেলিকপ্টারে করে বিভিন্ন কেন্দ্রে আকস্মিক পরিদর্শনের ইঙ্গিত দেন। তবে নির্দিষ্ট কোনো কেন্দ্রের নাম প্রকাশ না করায় বিষয়টি ঘিরে তৈরি হয়েছে রহস্য।

এদিকে, দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নিয়েছে সারা দেশের ৩০ হাজার ৬৬৬টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ১৮ লাখের বেশি শিক্ষার্থী। পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র নেওয়া হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!