হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ঢাকাস্থ ইরান দূতাবাস।
মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে দূতাবাস এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ ও ইরান দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে। একইসঙ্গে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতিও ইরান তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
চলতি সপ্তাহে তুরস্কের আন্তালিয়া ফোরামের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ-এর মধ্যে অনুষ্ঠিত বৈঠককে স্বাগত জানিয়েছে দূতাবাস। তারা জানিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে উভয় দেশের গঠনমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে বিবৃতিতে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। দূতাবাস আরও জানায়, আজারবাইজান হয়ে ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করেছে ইরান।
এছাড়া আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থানের প্রশংসা করে ইরান। একইসঙ্গে কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারে অসন্তোষ জানিয়ে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন