জাতীয় সংসদে নোয়াখালীকে পৃথক বিভাগ হিসেবে ঘোষণার দাবি উত্থাপন করেছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ। বুধবার (২২ এপ্রিল) অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, বৃহত্তর নোয়াখালীকে বিভাগে উন্নীত করার দাবি নতুন নয়; ১৯৯৪ সাল থেকেই এ অঞ্চলের মানুষ ধারাবাহিকভাবে এ দাবিতে আন্দোলন করে আসছে। ভৌগোলিক বৈশিষ্ট্য, ঐতিহাসিক গুরুত্ব এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের কারণে নোয়াখালী নিজস্ব পরিচয়ে অনন্য মর্যাদা বহন করে বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশের প্রাচীনতম জেলাগুলোর একটি হিসেবে নোয়াখালীর গুরুত্ব তুলে ধরে তিনি জানান, ব্রিটিশ আমলে এর কৌশলগত অবস্থানের কারণে এখানে একটি বড় বিমানঘাঁটি স্থাপন করা হয়েছিল। এছাড়া ভুলুয়া নদী বন্দর একসময় দক্ষিণাঞ্চলের বৃহত্তম নদীবন্দর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আবদুল হান্নান মাসউদ আরও বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলন ও সংগ্রামে বৃহত্তর নোয়াখালীর মানুষের ভূমিকা ছিল অগ্রগণ্য। খেলাফত আন্দোলন থেকে শুরু করে ব্রিটিশবিরোধী সংগ্রাম, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণআন্দোলন সব ক্ষেত্রেই এ অঞ্চলের মানুষ সাহসিকতার পরিচয় দিয়েছে।
তবে দুঃখজনকভাবে রাজনৈতিক নানা কারণে দীর্ঘদিন ধরে নোয়াখালী অঞ্চল উন্নয়ন ও প্রশাসনিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। এর ফলে এখানকার জনগণ বৈষম্যের শিকার হচ্ছে বলেও তিনি সংসদে তুলে ধরেন।


