দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর আবারও সম্প্রচারে ফিরেছে এক সময়ের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল ওয়ান’। গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ৫৭ মিনিট থেকে পুনরায় বাণিজ্যিক সম্প্রচার কার্যক্রম শুরু করে চ্যানেল ওয়ান।
এর-আগে চ্যানেলটি মিশ্রধর্মী বিনোদন ও সংবাদভিত্তিক থাকলেও এবার পুরোপুরি সংবাদভিত্তিক চ্যানেল হিসেবে পরিচালিত হবে। বেসরকারি টেলিভিশনটির এই প্রত্যাবর্তনের মুহূর্তে শুভকামনা ও অভিনন্দন জানিয়েছে দেশের জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশ পরিবার।
নতুন যাত্রায় চ্যানেলটি একটি পূর্ণাঙ্গ সংবাদভিত্তিক চ্যানেল হিসেবে তাদের কার্যক্রম শুরু করেছে। এবার চ্যানেলটি ‘সম্ভাবনার কথা বলে’ এই স্লোগান নিয়ে নতুন আঙ্গিকে হাজির হয়েছে। গতকাল সোমবার (২৭ এপ্রিল) উদ্বোধনের অংশ হিসেবে চ্যানেলটির দীর্ঘস্থায়ী সফলতা কামনা করে দোয়া ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথম দিন থেকেই তারা দেশি-বিদেশি খবরের পাশাপাশি বিভিন্ন বিশেষ টকশো এবং সংবাদ বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রচার করেছে। আগামীতে আরও নতুন নতুন পরিকল্পনা নিয়ে হাজির হবে দর্শকদের কাছে। চ্যানেলটির প্রথম দিনের প্রধান সংবাদগুলোর মধ্যে অন্যতম ছিল প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শায় ঐতিহাসিক ‘জিয়া খাল’ (উলশী খাল) পুনর্খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান।
চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আল মামুন বলেন, চব্বিশের জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা আবারও সম্প্রচারের অধিকার ফিরে পাওয়ার লড়াই শুরু করি। অবশেষে আমরা সফল হয়েছি।
উদ্ভোধনী দিনে চ্যানেল ওয়ানের পরিচালক ও ভাইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ভাইয়া হাউজিং ও হোটেলসের চেয়ারম্যান মারুফ সাত্তার আলী বলেন, আগের মতোই এবারও সংবাদে দলনিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও সাহসিকতার নীতি বজায় রাখা হবে। দর্শকের আস্থা ও জনপ্রিয়তার জায়গাটি ধরে রেখে নতুন যাত্রা শুরু করবে চ্যানেলটি।
চ্যানেলটির পুনর্যাত্রায় শুভকামনা জানিয়ে রূপালী বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক মো. সায়েম ফারুকী বলেন, দীর্ঘ ১৬ বছর পর চ্যানেল ওয়ানের পুনর্যাত্রা, এটি অবশ্যই আনন্দের খবর। আমরা আশা করব, চ্যানেল ওয়ান বস্তুনিষ্ঠ খবর দিয়ে আবারও মানুষের মাঝে আস্থা তৈরি করবে। চ্যানেল ওয়ানের এই পুনর্যাত্রায় স্টার নিউজ পরিবারের পক্ষ থেকেও আন্তরিক শুভকামনা ও অভিনন্দন জানায়।
এর আগে গত রোববার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন বলেন, ২০০৬ সালের ২৪ জানুয়ারি তথ্য-বিনোদনের বিচিত্র সমাহার নিয়ে আত্মপ্রকাশ করে চ্যানেল ওয়ান। শুরু থেকেই দর্শকের চাহিদা বিবেচনার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণ এবং রুচির বিষয়টি মাথায় রেখেছি। ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের প্রধান কাজ, আমরা শুরু থেকেই সেই নীতিতে অটল ছিলাম। যে কারণে ওই সময় চ্যানেল ওয়ানকে অনেক মন্ত্রীর বিরাগভাজন হতে হয়েছিল।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বন্ধ থাকা চ্যানেল ওয়ানের সম্প্রচারে বাধা নেই বলে রায় দেন আদালত। এ বিষয়ে করা আপিল আবেদনের ওপর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
যেভাবে বন্ধ হয়েছিল চ্যানেল ওয়ান
সম্প্রচার শুরুর চার বছরের মাথায় ২০১০ সালের ২৭ এপ্রিল চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ফ্রিকোয়েন্সি বরাদ্দ স্থগিত করলে চ্যানেল কর্তৃপক্ষ হাইকোর্টে আবেদন করে, তবে তা খারিজ হয়ে যায়।
ফলে এক অনিশ্চিত গন্তব্যের দিকে যাত্রা করে চ্যানেল ওয়ান। সে সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, অনুমতি ছাড়া সম্প্রচার যন্ত্রপাতি বিক্রির অভিযোগে চ্যানেলটি বন্ধ করা হয়েছে। সেদিন সন্ধ্যা ৭টার সংবাদ শুরুর ঠিক আগ মুহূর্তে চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।
পুনরায় চালুর প্রক্রিয়া
চ্যানেল ওয়ান ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের মালিকানাধীন। আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন মামলায় কারাবন্দি ছিলেন তিনি। ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দীর্ঘ কারাভোগ শেষে সম্প্রতি মুক্তি পান।
মুক্তির পর তিনি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেন। পরে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি শেষে সম্প্রচারের পথ উন্মুক্ত হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন