বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে চার টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়েছে। নতুন দর অনুযায়ী, সয়াবিন তেলের ৫ লিটারের বোতলে দাম হবে ১ হাজার ৪০ টাকা।
একই সঙ্গে খোলা সয়াবিন তেল লিটারে দুই টাকা বাড়িয়ে ১৭৯ টাকা করেছে সরকার।
বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
পণ্যের দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে পণ্যের উৎপাদন ও উৎস মূলে দাম বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারের এই অস্থিরতার প্রভাব দেশীয় বাজারেও পড়ছে।
তিনি আরও যোগ করেন, আমরা আশা করছি সাধারণ ভোক্তারা বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। দামের এই সমন্বয়ের ফলে বাজারে তেলের সরবরাহ পরিস্থিতি আগের চেয়ে আরও স্বাভাবিক ও স্থিতিশীল হবে বলে আমাদের বিশ্বাস।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন