ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কাল থেকে ডিসি সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মে ২, ২০২৬, ০৬:২৯ পিএম
ছবি-সংগৃহীত

চার দিন ব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ শুরু হবে আগামীকাল (রোববার, ৩ মে) থেকে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ সম্মেলন উদ্বোধন করবেন। এবারের সম্মেলনে ৩৪টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে। ৩ থেকে ৬ মে ওসমানি স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের অধিবেশনগুলো অনুষ্ঠিত হবে।

আয়োজনের সার্বিক বিষয় নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাছিমুল গনি। তিনি বলেন, ‘গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম এই ডিসি সম্মেলন এবার অধিক গুরুত্ব পাবে।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকার কৃচ্ছ সাধনের অংশ হিসেবে এ বছর সম্মেলনে ৭১ লাখ টাকা বাজেট ধরা হয়েছে, যা গত বছর ছিল এক কোটি টাকার বেশি। এবারের সম্মেলনে ১৭২৯টি বিষয়ে প্রস্তাবনা থাকলেও ৪৯৮টি প্রস্তাবনা কার্যতালিকায় স্থান পাবে।

চার দিনের নানা আনুষ্ঠানিকতার মধ্যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতির ও স্পিকারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে একাধিক সেশন ও সাক্ষাৎ অনুষ্ঠান থাকবে।