সেন্টমার্টিন ও টেকনাফে পৃথক দুইটি অভিযানে বিদেশি মদসহ ১০ মাদক কারবারি ও মিয়ানমারে পাচারকালে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীসহ ৩ পাচারকারিকে আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার (৬ মে) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের উত্তর-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় গত ৫ মে ভোর ৪টায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজক ১টি বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৮ বোতল বিদেশি মদসহ ১০ জন মাদক কারবারিকে আটক করা হয়।
অপরদিকে, কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় আজ বুধবার রাতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের ৪০০ লিটার সয়াবিন তেল, ৪০০ কেজি পেঁয়াজ, ৪৫০ কেজি ময়দা ও পাচার কাজে ব্যবহৃত বোটসহ ৩ জন পাচারকারিকে আটক করা হয়।
জব্দকৃত আলামত, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদক পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন