দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের জনসংখ্যার বিশাল অংশ তরুণ। শুধু চাকরি দিয়ে এ বিরাট সংখ্যক তরুণের কর্মসংস্থান সম্ভব নয়। প্রয়োজন শিল্পায়ন। এটি একদিকে তরুণদের উপার্জনের আয়োজন করবে অন্যদিকে দেশকে অগ্রগতির দিকে ধাবিত করবে।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, লালমনিরহাটের মাটি খুবই উর্বর। এখানে প্রচুর পরিমাণে ধান, ভুট্টা, আলু উৎপাদন হয়। এ অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প অত্যন্ত সম্ভাবনাময়। লালমনিরহাটে কৃষিভিত্তিক শিল্প স্থাপনে শিল্পদ্যোক্তাদের আহ্বান জানান।
সোমবার (১১ মে) লালমনিরহাট স্টেডিয়ামে প্রাণ-আরএফএল চাকরি মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় দেশের অন্যতম শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল এ চাকরি মেলার আয়োজন করে। মেলা থেকে লালমনিরহাটের দক্ষ-অদক্ষ ১০০০ তরুণকে চাকরি দেওয়া হবে।
অনুষ্ঠানে বক্তৃতা করেন লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন