প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন।
সোমবার (১৮ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনাময় খাত নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে ফার্মাসিউটিক্যালস, পর্যটন, উচ্চশিক্ষা ও ফুড প্রসেসিং খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করার ব্যাপারে নিউজিল্যান্ডের আগ্রহের কথা তুলে ধরেন হাইকমিশনার ডেভিড পাইন।
এ সময় বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন নিউজিল্যান্ডের হাইকমিশনার। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে জলবায়ু ইস্যুতে বাংলাদেশকে আরও নেতৃত্বমূলক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং সবুজ অর্থনীতি গঠনে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর নেতৃত্ব দিতে বাংলাদেশ প্রস্তুত।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন